হোমিওপ্যাথি ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বাইরে রাখার দাবি হোমিও ডিগ্রীধারীদের
মেডিভয়েস রিপোর্ট: হোমিওপ্যাথিক ওষুধের আমদানি, সংরক্ষণ ও ব্যবহারে বিদ্যমান জটিলতা নিরসন এবং এসব ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন। এ দাবির পাশাপাশি বৈধভাবে হোমিওপ্যাথিক ওষুধ আমদানি ও ব্যবহারের জন্য সহজ, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে হোমিওপ্যাথিক ওষুধের সংকট নিরসন, ডিএইচএমএস ডিগ্রিধারীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি, বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক-কর্মচারীদের শতভাগ সরকারি বেতন-ভাতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠনের দাবি তুলে ধরেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন আমদানিকৃত ওষুধে রেকটিফায়েড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল থাকায় এসব ওষুধ আমদানি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারে নানা জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে হোমিওপ্যাথিক ওষুধের সরবরাহ ও চিকিৎসাসেবা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তারা বলেন, হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত ১৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে ওষুধের বৈধ আমদানি, সংরক্ষণ ও ব্যবহারের বিষয়টি স্পষ্ট করতে হবে। এ জন্য হোমিওপ্যাথিক ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রেখে পৃথক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন জরুরি।
বক্তারা আরও বলেন, দেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে ধীরগতির কারণে সংকটের মুখে রয়েছে। ১৯৭২ সাল থেকে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া এ চিকিৎসাপদ্ধতিতে বর্তমানে ডিএইচএমএস ও বিএইচএমএস কোর্সের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু বিভিন্ন সমস্যায় এ শিক্ষাব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
সংগঠনের মহাসচিব মো. ফারুক আহমেদ মজুমদার বলেন, স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী ডিএইচএমএস চিকিৎসকদের জন্য পৃথক সরকারি পদ সৃষ্টি, প্রয়োজনীয় জনবল কাঠামো প্রণয়ন এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান ও জনসেবার সুযোগ তৈরি করা প্রয়োজন।
তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ দ্রুত গঠন এবং সেখানে ডিএইচএমএস চিকিৎসকদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানান।
সংগঠনের সভাপতি মো. মজিবুল্যাহ মজিব বলেন, ২০০৯ সালে ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলের মূল বেতনের ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়া হতো। কিন্তু প্রায় দুই বছর ধরে সেই বেতনও বন্ধ রয়েছে। এতে বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে কর্মরতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল কাঠামো ও নীতিমালা প্রণয়ন করে সরকারি রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এমআর/