মেডিকেল টেকনোলজি নিয়ে সংসদে ‘বিভ্রান্তিকর বক্তব্য’, টেকনোলজিস্টদের প্রতিবাদ
মেডিভয়েস রিপোর্ট: সংসদ অধিবেশনে মেডিকেল টেকনোলজি বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং হাইকোর্টের আদেশ অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা। একই সঙ্গে দেশের বেকার মেডিকেল টেকনোলজিস্টদের কর্মসংস্থান, পদ সৃজন, ক্যারিয়ার পাথওয়ে চালু এবং রোগ নির্ণয় ব্যবস্থার মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) বন্ধ কারিগরি প্রতিষ্ঠান চালুর বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মেডিকেল টেকনোলজি ও যান্ত্রিক প্রযুক্তির মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা।
তাদের দাবি, বক্তব্যে ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হলেও মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃজন, নিয়োগ এবং রোগ নির্ণয় ব্যবস্থার মানোন্নয়নে গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে নিয়োগের বিষয়টি গুরুত্ব পায়নি। বরং বিজ্ঞানভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবর্তে স্বল্পমেয়াদি কোর্সের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা দেশের রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মানের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন তারা।
তারা বলেন, মেডিকেল টেকনোলজি একটি বিজ্ঞান ও জীববিজ্ঞাননির্ভর পেশা। এ পেশায় দক্ষ জনবল তৈরির জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য। স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে এ পেশার দক্ষ জনবলের চাহিদা পূরণের উদ্যোগ রোগ নির্ণয়ের নির্ভুলতা ও রিপোর্টের মান নিয়ন্ত্রণকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
দেশে বর্তমানে প্রায় ৫০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার রয়েছেন জানিয়ে তারা বলেন, নতুন করে স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে জনবল তৈরির উদ্যোগ না নিয়ে বিদ্যমান শিক্ষিত ও প্রশিক্ষিত বেকার মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি তাদের জন্য সুস্পষ্ট ক্যারিয়ার পাথওয়ে চালু এবং রোগ নির্ণয়সংক্রান্ত রিপোর্টের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে হবে।
বক্তব্যে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তিন শিফটে রোগ নির্ণয় কার্যক্রম চালুর দাবি জানানো হয়। এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত ১:৩:৫ অনুপাত কার্যকর করার আহ্বানও জানানো হয়েছে।
দাবি পূরণে মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন এবং অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো মেডিকেল টেকনোলজিস্টদেরও দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান সংকটের দ্রুত সমাধান সম্ভব বলে মনে করছেন প্রতিবাদকারীরা।
তারা আরও জানান, সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি হওয়ায় এখন মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃজন ও নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মেডিকেল টেকনোলজিস্টদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং দেশের রোগ নির্ণয় ব্যবস্থার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এমইউ/