১৫ নভেম্বর, ২০২৬ ০১:১০ পিএম

বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রাকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৩০০ জন

বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রাকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৩০০ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন পিপল রিএনিমেট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক)।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মিরপুরের সাগুফতা এলাকায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এ ক্যাম্পে প্রায় ৩০০ মানুষ বিনা মূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে সেবাগ্রহীতাদের রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

এ সময় প্রাকের অ্যাডমিন ইনচার্জ মো. জুবায়ের হোসাইন রাজন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাজন বলেন, বর্তমানে দেশের আটটি বিভাগে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রাক। সংগঠনটির কার্যক্রমের আওতায় রয়েছে স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, শিক্ষা, টেলিমেডিসিন, আত্মকর্মসংস্থান, ব্লাড সার্ভিস, কারিগরি প্রশিক্ষণ ও ফিজিওথেরাপি। সাধারণ মানুষের দোরগোড়ায় এসব সেবা পৌঁছে দেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

প্রাকের চেয়ারম্যান কর্নেল প্রফেসর ডা. জিহাদ খান বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ, যা নীরবে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে। এ রোগের ঝুঁকি কমাতে নিয়মিত পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত