১৪ নভেম্বর, ২০২৬ ০৬:০৮ পিএম

আগামী পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসাসেবা পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসাসেবা পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মানুষের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার ও ওরাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এসব ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায় থেকেই সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা প্রাথমিক লক্ষণ শনাক্ত করে রোগীদের যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনতে পারেন।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে কার্যকর উদ্যোগ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।

ক্যান্সার মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে এম এ মুহিত বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে এ ধরনের জটিল স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে বলে জানান তিনি। এসব উদ্যোগের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় এবং জাতীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং জাতীয় পর্যায়ে সমন্বিত ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক