নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। এদের একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে সেটি পুড়ে গেছে।
আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এইউ/