আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
জামায়াতের প্রতিনিধি হয়ে তুরস্ক যাচ্ছেন মাহবুবুল আলম সালেহী
মেডিভয়েস নিউজ: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী শুক্রবার (১৩ নভেম্বর) তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সম্মেলনে জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
এছাড়াও জামায়াতের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
গণমাধ্যমকে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন্যা, খরা, নদীভাঙন, উপকূলীয় ভাঙন ও তাপমাত্রা বৃদ্ধির মতো নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে দেশের মানুষকে। এসব দুর্যোগের নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের সামাজিক জীবন, স্বাস্থ্য ও অর্থনীতিতে।
তিনি বলেন, দেশের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের প্রতি জামায়াতে ইসলামীরও দায়িত্ব রয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে আন্তর্জাতিক পরিসরে কথা বলা এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা আদায়ে ভূমিকা রাখার লক্ষ্যেই সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করা নয়, সরকারের কাজেও সহযোগিতা করা। জলবায়ু পরিবর্তনের প্রভাব সরকার ও বিরোধী দল উভয়কেই মোকাবিলা করতে হচ্ছে। তাই সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠাই তাঁর অংশগ্রহণের প্রধান উদ্দেশ্য।
দলীয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী। তিনি সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি থেকে জিওকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গ্রিনহাউস গ্যাস নিয়ে গবেষণার পাশাপাশি যুক্তরাজ্যে পরিবেশবিষয়ক আইন পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এ ছাড়া তিনি জামায়াতের ফরেন অ্যাফেয়ার্স টিমের (ইউরোপ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবেশ, জলবায়ু ও পানিসম্পদ বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং সংসদীয় স্থায়ী কমিটিতে সংশ্লিষ্ট দায়িত্বের বিবেচনায় তাঁকে সম্মেলনে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে দলটি।
এইউ/