০৯ নভেম্বর, ২০২৬ ০১:৪৩ পিএম
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
বিপিএইচসিডিএর লোগো। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষার জন্য দেশের ৫১টি মেডিকেল সেন্টার অনুমোদনের ক্ষেত্রে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশনকে (বিপিএইচসিডিএ) সম্পৃক্ত না করায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (৯ নভেম্বর) সংগঠনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা. এ এম শামীম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অফিস সেক্রেটারি ডা. আরিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টার অনুমোদনের সরকারি উদ্যোগকে নীতিগতভাবে স্বাগত জানায় বিপিএইচসিডিএ। তবে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠনটির সঙ্গে কোনো পরামর্শ, আলোচনা কিংবা সহযোগিতা নেওয়া হয়নি। বিষয়টি সংগঠনের জন্য উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুমোদন প্রদান, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। বিশেষ করে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বিপিএইচসিডিএকে সম্পৃক্ত করা হলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হতো।

বিপিএইচসিডিএ’র তিন দাবি

বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—৫১টি মেডিকেল সেন্টার অনুমোদনের ক্ষেত্রে অনুসৃত নীতিমালা, মানদণ্ড ও মূল্যায়ন প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশ; ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনকে নীতিনির্ধারণী আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং যোগ্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, অভিজ্ঞতা ও অবকাঠামো বিবেচনায় নিয়ে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা।

বিপিএইচসিডিএ জানায়, তারা সরকারের কোনো জনকল্যাণমূলক উদ্যোগের বিরোধী নয়। বরং সরকারের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দেশের বেসরকারি স্বাস্থ্য খাতের উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আগ্রহী।

তবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠনকে আলোচনার বাইরে রেখে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ অংশগ্রহণমূলক নীতিনির্ধারণের ইতিবাচক দৃষ্টান্ত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিপিএইচসিডিএর সঙ্গে দ্রুত আনুষ্ঠানিক বৈঠকের ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে তাদের মতামত ও সহযোগিতাকে যথাযথ গুরুত্ব দিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত