‘শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত সম্ভব নয়, প্রয়োজন সর্বস্তরে সচেতনতা’
মেডিভয়েস রিপোর্ট: শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, এ জন্য সমাজের সর্বস্তরে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে হবে। রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে সরকার, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রোববার (৮ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবা বাড়ালেই হবে না, প্রয়োজন সমন্বিত সচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগ। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, চক্ষু ও কিডনি রোগের মতো স্বাস্থ্যঝুঁকিগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই এসব রোগকে আলাদাভাবে বিবেচনা না করে সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতির পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। অন্যদিকে, চোখের ছানি অস্ত্রোপচার অনেকের জন্য ব্যয়বহুল। তাই রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রত্যেককে নিজের স্বাস্থ্যের প্রতি নিয়মিত যত্নশীল ও সচেতন হতে হবে।
মন্ত্রী আরও বলেন, মানুষের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে সমন্বয় প্রয়োজন। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, ডায়াবেটিসের কারণে কিডনি ও চোখের ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষকে আগেভাগেই সচেতন করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য খাতের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি।
স্বাস্থ্যমন্ত্রী চক্ষুস্বাস্থ্য সুরক্ষাকে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমআর/