ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে আকস্মিক অভিযান
মেডিভয়েস রিপোর্ট: শুধু অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে নয়, বরং এবার নিজেরাই সরাসরি অভিযানে অংশ নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান ও কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান (তদন্ত) ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া (অনুসন্ধান)।
আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে অংশ নেয় দুদক টিম।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালে ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, দালাল চক্রের দৌরাত্ম্য, জরুরি বিভাগে সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে আজ দুদক প্রধান নিজেই একটি বিশেষ টিম নিয়ে ডিএমসি হাসপাতালে উপস্থিত হন।
অভিযানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের কাছে সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সরাসরি খোঁজ নেওয়া হয়।
হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা, রোগীদের ভোগান্তি এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন দুদকের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের এই সরাসরি অংশগ্রহণকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কমিশনের কঠোর অবস্থানের একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমইউ/