ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কার্যকর জানুয়ারি থেকে
মেডিভয়েস রিপোর্ট: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। আর নির্ধারিত নতুন মজুরি কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে সকাল ১১টায় মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত করে জানুয়ারি থেকে তা কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একমত হন।
প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে।
এদিকে, পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন শ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এমআর/