০৩ নভেম্বর, ২০২৬ ০৫:৩১ পিএম
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ডা. সালেহ মো. জাকারিয়া।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) আন্দোলনকারীদের ছোড়া বড় একটি ইট তাঁর বাম কাঁধের জয়েন্টে আঘাত করলে তিনি আহত হন।

আহত হওয়ার পর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে ডা. সালেহ মো. জাকারিয়া লেখেন, দায়িত্ব পালনের সময় তাঁর শরীরের প্রায় সব অংশে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও লেগ গার্ডসহ সুরক্ষাসামগ্রী ছিল। তবে ইটটি এসে আঘাত করে বাম কাঁধের জয়েন্টে, যেখানে কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না।

তবে আঘাত খুব বেশি গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, কিছুদিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবেন। তাঁর আহত হওয়ার খবর পেয়ে যাঁরা খোঁজ-খবর নিয়েছেন ও উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তাঁদের যেমন পরিবার, স্বপ্ন ও দাবি-দাওয়া রয়েছে, তেমনি পুলিশ সদস্যদেরও পরিবার ও প্রিয়জন রয়েছে। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের অংশ হিসেবেই পুলিশ সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন। তাঁরও ব্যথা, অনুভূতি এবং পরিবারের ভালোবাসা রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়ার পাশাপাশি জীবনহানির ঝুঁকিও থাকে। অথচ সবার প্রত্যাশা, দেশ শান্ত থাকুক, মানুষের জানমাল নিরাপদ থাকুক এবং দিনের শেষে সবাই সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরে যেতে পারুক।

আন্দোলন ও দাবি আদায়ের সংগ্রামে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে ডা. সালেহ মো. জাকারিয়া বলেন, কোনো আন্দোলনেই যেন কারও রক্ত না ঝরে, কোনো মায়ের বুক খালি না হয় কিংবা কোনো সন্তানের অপেক্ষা যেন চিরস্থায়ী না হয়।

সবশেষে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে সবার নিরাপত্তা ও হেফাজত কামনা করেন এই পুলিশ কর্মকর্তা।

ডা. সালেহ মো. জাকারিয়া রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। এর পর বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পরীক্ষার মধ্য দিয়ে তিনি পুলিশে যোগদান করেন।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক