৩০ অক্টোবর, ২০২৬ ০৩:৫৩ পিএম

মেডিকেল কলেজের গ্রন্থাগারে জিয়া, খালেদাকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ বাতিল

মেডিকেল কলেজের গ্রন্থাগারে জিয়া, খালেদাকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ বাতিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের লাইব্রেরিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি করে দুটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখাসহ তিনটি বই রাখার নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৭ সেপ্টেম্বর বই তিনটি কেনা ও গ্রন্থাগারে সংরক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও ১৮ অক্টোবর তা বাতিল করা হয়।
 
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আগের নির্দেশনা বাতিলের কথা জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, ‘২৭ সেপ্টেম্বরের জারিকৃত বই ক্রয়সংক্রান্ত পত্রটি বাতিল করা হল।’
 
মন্ত্রণালয়ের ডকুমেন্টস অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে তিনটি বই কেনা এবং সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ১৮ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ ওই নির্দেশনা বাতিল করে।
 
বই তিনটি হলো—মাহফুজ উল্লাহর লেখা 'প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী' ও 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং তারেক রহমানের লেখা 'সবার আগে বাংলাদেশ'। তিনটি বইয়ের সম্মিলিত মূল্য চার হাজার ৭০০ টাকা।

আগের নির্দেশনায় মেডিকেল কলেজগুলোর গ্রন্থাগারে বই তিনটি কেনা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে বলা হলেও তা বাতিলের কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি। নির্দেশনা বাতিলের কারণ জানতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আ. ন. ম. বজলুর রশীদও মন্তব্য করতে রাজি হননি। তবে, এ বিষয়ে খোঁজ নিয়ে রবিবার জানাবেন বলে জানিয়েছেন তিনি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত