১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৩২ পিএম

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবায় অরোরা হাসপাতালের সঙ্গে এমআরএর চুক্তি

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবায় অরোরা হাসপাতালের সঙ্গে এমআরএর চুক্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ চুক্তির আওতায় সংগঠনটির সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিকের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমআরএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক অন্তু মুজাহিদ ও ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নাজমুল হক।

অন্যদিকে, অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব, সহকারী জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. মাইন উদ্দিন আকাশ, মার্কেটিং ইনচার্জ মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং করপোরেট মার্কেটিং এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসান হিমেল।

অনুষ্ঠানে হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব বলেন, অরোরা স্পেশালাইজড হাসপাতাল অভিজ্ঞ ও খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল। ১৫০ শয্যাবিশিষ্ট ১৯ তলা ভবনে পরিচালিত এ হাসপাতালে আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সনদপ্রাপ্ত ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি রয়েছে তিন টেসলা এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ এবং ডায়ালাইসিসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা।

তিনি আরও বলেন, মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে হাসপাতালটি প্রতিশ্রুতিবদ্ধ।

এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে সাংবাদিকরা স্বাস্থ্য নিয়ে অনেক অসচেতন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নিজের শরীরের প্রতিও যত্ন নিতে সময় পান না। তাই এমআরএ মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অরোরা হাসপাতালের সঙ্গে এই সমঝোতা করেছে।’

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ চুক্তির মাধ্যমে এমআরএর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারেও এ চুক্তি ভূমিকা রাখবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক