মেডিকেল কলেজের গ্রন্থাগারে জিয়া, খালেদাকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের লাইব্রেরিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি করে দুটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখাসহ তিনটি বই রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ নিয়ন্ত্রণাধীন সব দপ্তরের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে একটি নির্দেশনা জারি করে।
বইগুলোর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে জমা দেওয়া একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নথিতে দেখা গেছে, ওই আবেদনে নিজ স্বাক্ষর, তারিখ ও সিলমোহরসহ 'জোর সুপারিশ করা হলো' লিখে অনুমোদন দেন প্রতিমন্ত্রী মুহিত।
বই তিনটি হলো—মাহফুজ উল্লাহর লেখা 'প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী' ও 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং তারেক রহমানের লেখা 'সবার আগে বাংলাদেশ'। তিনটি বইয়ের সম্মিলিত মূল্য চার হাজার ৭০০ টাকা।
প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য জারি করা একই ধরনের একটি আদেশ বাতিল করার তিন মাসের মাথায় মেডিকেলের জন্য নতুন করে এ নির্দেশের কথা জানা গেল।
এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে এই তিনটি বই সংরক্ষণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিল। তবে গত ৬ জুলাই সিদ্ধান্তটি বাতিল করে মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী মুহিতকে লেখা ২৩ আগস্টের চিঠিতে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার জহির দীপ্তি বই ৩টিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করে সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরিতে কিনে সংরক্ষণের অনুরোধ জানান।
চিঠিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি বইগুলো চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা প্রার্থী ও সচেতন নাগরিকদের জন্য সময়োপযোগী দলিল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সেই আবেদনের বরাত দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ তাদের অধীনে থাকা সব দপ্তর প্রধানকে নির্দেশ দেন যেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরির জন্য বইগুলো কিনে সংরক্ষণ করা হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও রাজনৈতিক নেতাদের নিয়ে লেখা বই কেনার সরকারি উদ্যোগ দেখা গেছে। ২০১৯ সালের আগস্টে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য শিশু একাডেমি প্রকাশিত শেখ মুজিবুর রহমানের ওপর ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল।
তারও আগে ২০১৪ সালেও শেখ মুজিবকে নিয়ে এক আমলার লেখা ৩টি বই সংগ্রহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল মাউশি।
এমআই/এমইড/