রাড্ডা ক্লিনিক ভাঙচুর: এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সম্প্রতি সংঘটিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এ ছাড়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং এমন নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনার মধ্যেই বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেএইচ/