২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪৩ পিএম

স্বাস্থ্যখাতে সঠিক ও সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে: রাষ্ট্রপতি

স্বাস্থ্যখাতে সঠিক ও সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন এবং কী ধরনের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম দরকার—এসব বিষয়ে সঠিক ও সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, দেশ এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। স্বাস্থ্যখাতের জন্য প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের বিষয়ে একটি সার্বিক পরিকল্পনা থাকা প্রয়োজন।

বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসকদের গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে গবেষণার গুরুত্ব রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, যত্রতত্র গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং বিগত শাসনামলের অত্যাচার-নির্যাতনে আহত নেতা-কর্মীদের পাশাপাশি নিজের চিকিৎসায় আন্তরিক সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। চিকিৎসকদের ওপর হামলা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সব অংশীজনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক