১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৩ পিএম

শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালে স্বজনদের হামলা-ভাঙচুর, আহত দুই চিকিৎসক

শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালে স্বজনদের হামলা-ভাঙচুর, আহত দুই চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চিকিৎসক আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফি (৩)। সে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায়  মেডিকেল অফিসার ডা. জান্নাতুল রিয়া ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আব্দুস সামাদ আহত হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটিকে হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা করে মৃত অবস্থায় পান। শিশুটিকে মৃত ঘোষণার পর নিয়ম অনুযায়ী ছাড়পত্র প্রস্তুতের সময় ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে হামলা চালান এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মীদের মারধর করে ভাঙচুর করেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা মেডিভয়েসকে বলেন, ‘আনুমানিক সকাল ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক পরীক্ষা করে দেখেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। মৃত ঘোষণার পর নিয়ম অনুযায়ী ছাড়পত্র লেখার সময় ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে এসে হামলা চালান।’

তিনি আরও বলেন, ‘হামলায় কর্তব্যরত কয়েকজনকে মারধর করা হয় এবং জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে দুজন আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’

অন্যদিকে, নিহত শিশুর পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলার কারণে রাফির মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের সঙ্গে অসদাচরণ ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তারা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক