১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৬ পিএম

গাজায় সংকটে নবজাতক ও শিশুদের স্বাস্থ্যব্যবস্থা

গাজায় সংকটে নবজাতক ও শিশুদের স্বাস্থ্যব্যবস্থা
ইনকিউবেটরে গাজার নবজাতক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজায় যুদ্ধের কারণে স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশু ও নবজাতকরা। হাসপাতালগুলোতে ইনকিউবেটর, ভেন্টিলেটর, জ্বালানি ও অন্যান্য জরুরি সরঞ্জামের সংকটের পাশাপাশি বেড়েছে অকাল জন্ম, অপুষ্টি ও নবজাতকের নানা জটিলতা।

ইউনিসেফের ফিলিস্তিনবিষয়ক কর্মকর্তা টবি ফ্রিকার জানান, গাজার নাসের হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে কখনো কখনো কম সংকটাপন্ন একাধিক শিশুকে একই ইনকিউবেটরে রাখতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কঠিন পরিস্থিতিতেও অসাধারণ কাজ করছেন বলে জানান তিনি।

সরঞ্জামের সংকটের পাশাপাশি, গর্ভবতী নারীদের জন্য নিরাপদ পানির অভাব, দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, অপুষ্টি ও দীর্ঘস্থায়ী মানসিক চাপও অকাল জন্ম ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বাড়াচ্ছে। 

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের তথ্যমতে, ২০২৫ সালে গাজার প্রায় ৫৫ হাজার গর্ভবতী নারীর মধ্যে পাঁচজনের একজন অপুষ্টিতে ভুগছেন । ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অন্তত ২০ শতাংশ নবজাতক অকাল জন্ম, জন্মগত সমস্যা এবং অপুষ্টির শিকার হয়েছে।

জন্মের পর বেঁচে গেলেও শিশুদের সংকট শেষ হচ্ছে না। তাঁবু ও অতিরিক্ত জনাকীর্ণ পরিবেশে নিরাপদ পানি, পুষ্টি ও চিকিৎসার সীমিত সুযোগ তাদের স্বাভাবিক বেড়ে ওঠাকে কঠিন করে তুলছে। একই সঙ্গে যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদি মানসিক আঘাতের আশঙ্কা তৈরি করছে।

ইউনিসেফ শিশুদের মানসিক সহায়তার পাশাপাশি তাঁবুভিত্তিক শিক্ষাকার্যক্রম চালু করছে। এর মাধ্যমে শিশুদের শিক্ষা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের জীবনে নিরাপত্তা ও স্বাভাবিক শৈশব ফিরিয়ে আনার চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ থেমে গেলেও গাজার স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে বহু বছর লাগতে পারে। শিশুদের বেঁচে থাকা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুষ্টি, শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

ইউনিসেফ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত ও নমনীয় অর্থায়নের আহ্বান জানিয়েছে, যাতে গাজার শিশুদের জন্য স্বাস্থ্য, পানি, স্যানিটেশন, শিক্ষা ও মানসিক সহায়তা অব্যাহত রাখা যায়।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও