২৬ অগাস্ট, ২০২৬ ০৫:১০ পিএম

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে।

আজ বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মোট মৃতের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৫১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও এক হাজার ৯৮ জনের শরীরে। অর্থাৎ এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা এক হাজার ১৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৪ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে এক লাখ ২৮ হাজার ৭৬৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারাদেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত