১৫ অগাস্ট, ২০২৬ ০৭:০০ পিএম

চার বছর ধরে অব্যবহৃত সাভার হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, প্রতিমন্ত্রীর ক্ষোভ  

চার বছর ধরে অব্যবহৃত সাভার হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, প্রতিমন্ত্রীর ক্ষোভ  
সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন চার বছর ধরে অব্যবহৃত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এসময় দ্রুত সময়ের মধ্যে এটি চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিন বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না। সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন না। এ কারণে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি শুধু স্থানীয় পর্যায়ের জন্য নয়; এটি সারা দেশের সরকারি স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকেরা এখান থেকে প্রশিক্ষণ পাবেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক