১২ অগাস্ট, ২০২৬ ০৩:৩৮ পিএম

ডাব্লিউএইচও’র অর্থায়নে ব্রাজিল যাচ্ছেন ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেলের মহাপরিচালক

ডাব্লিউএইচও’র অর্থায়নে ব্রাজিল যাচ্ছেন ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেলের মহাপরিচালক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের অংশ হিসেবে ব্রাজিলে অনুষ্ঠিতব্য গ্লোবাল টোব্যাকো রেগুলেটরস ফোরামের (জিটিআরএফ) নবম সভায় অংশগ্রহণের জন্য একজন সরকারি কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে সরকার।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিশ্ব স্বাস্থ্য-১ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এ অনুমোদনের কথা জানানো হয়েছে।

শাখার ডেপুটি সেক্রেটারি মো. আব্দুল আজিজ স্বাক্ষরিত সরকারি আদেশ অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেলের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আখতারুজ্জামান সভায় অংশ নেবেন।

আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ব্রাজিলের ‘রিও ডি জেনেরিওতে’ গ্লোবাল টোব্যাকো রেগুলেটরস ফোরামের নবম সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের ক্ষেত্রে ভ্রমণ ও ট্রানজিট সময়কালও সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে।

সরকারি আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন ও ভাতাদি বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করবেন। একই সঙ্গে এই কর্মসূচি-সংক্রান্ত সব ব্যয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বহন করবে।

এ ছাড়া ব্রাজিল থেকে বাংলাদেশে ফেরার পর আর ৭ কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের কাছে সফর ও সভায় অংশগ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আদেশে আরও বলা হয়, এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত