হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৯৮
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন শিশু।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জন। একই সময়ে নতুন করে ৫২ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া হামের উপসর্গ পাওয়া গেছে আরও ৮৯৩ জনের মধ্যে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে ৮৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জনের। এ সময়ের মধ্যে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ সময়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের উপসর্গ, জ্বর বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/