ছয় নবজাতকের মৃত্যু: প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে আদ-দ্বীন হাসপাতাল
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
আজ রোববার (৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ঘটনাটির মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, ক্ষতিপূরণের পাশাপাশি পূর্বে ঘোষিত অন্যান্য সহায়তাও বহাল থাকবে।
এর আগে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দেয়। একইসঙ্গে বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে আজীবন ওষুধ ব্যতীত অন্যান্য সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন।
এ ছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা অনুযায়ী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি কিংবা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রাখা হবে। পরিবারের যোগ্য সদস্যদের জন্য আদ্-দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ প্রদানের কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে শিশু মৃত্যুতে অবহেলা প্রমাণিত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে একাধিক দফা আলোচনার পর ক্ষতিপূরণ ও সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএইচ/