২৩ মে, ২০২৬ ০৮:২২ পিএম

‘উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই’

‘উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকাবাসির জন্য উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার পাঁচ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়। দীর্ঘদিন ধরে আমরা সর্বস্তরের নগরবাসীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। চিকিৎসাসেবা সহজ করতে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমনকি জরুরি কলের মাধ্যমে রোগীর বাসায় চিকিৎসক পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে আমীর বলেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পাবেন। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন ও ঢাকা উত্তর সিটির ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় চিকিৎসাসেবা সহজীকরণে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, উন্নত বিশ্বের মতো ঢাকাবাসির জন্য আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না। পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা উত্তর সিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের সফলতা কামনা করেন।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতেও সেবার করার জন্য নগরবাসীর দোয়া ও সহযোগিতা চান সেলিম উদ্দিন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন ডা. জিহাদ খান ও ডা. হাসান বান্নাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াত উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানার আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও ডা. শফিকুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এমআর/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক