থ্যালাসেমিয়া চিকিৎসা সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাধীনতার এত বছর পার হলেও সরকারি পর্যায়ে দেশে থ্যালাসেমিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা এখনো সব হাসপাতালে নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ে একটি জাতীয় গাইডলাইন প্রণয়ন করা প্রয়োজন। একই সঙ্গে এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান মন্ত্রী।
এর আগে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশে প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়। বর্তমানে দেশে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে বলে সংগঠনটি দাবি করে।
সেমিনারে বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, ব্যাপক সচেতনতা কার্যক্রম এবং স্ক্রিনিং ব্যবস্থার ওপর জোর দেন।