৩০ এপ্রিল, ২০২৬ ০৩:৫৪ পিএম

বিএমইএসির স্বীকৃতি পেল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

বিএমইএসির স্বীকৃতি পেল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নির্ধারিত নীতি ও পদ্ধতি সফলভাবে পূরণ করায় ঢাকা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) এমবিবিএস কোর্সের স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএমইএসি)।

কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির তালুকদার আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) অ্যাক্রেডিটেশনের মানদণ্ডের আলোকে স্বীকৃতির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে স্বীকৃত মেডিকেল থেকে পাস করা শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা বৈশ্বিক পরিমণ্ডলে বেড়ে যাবে।

অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার বলেন, ‘সকল মানদণ্ড পূর্ণ করায় এ পর্যন্ত পাঁচটি মেডিকেল কলেজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও নর্থ-ইস্ট মেডিকেল কলেজ।’

তিনি বলেন, জানুয়ারি মাসে দুটি মেডিকেল—ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ স্বীকৃতি পেয়েছে। এখন তিনটি মেডিকেল কলেজ পেল। সরকারি-বেসরকারি মিলিয়ে স্বীকৃতির জন্য আরও নয়টি মেডিকেল কলেজ আবেদন করে রেখেছে। সেগুলোকে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজগুলোর আবেদন নানা উপায়ে পর্যালোচনা, পরীক্ষা-নিরীক্ষার পর স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন করে কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর এটি পাবলিশ করি আমরা।’

দ্বিতীয় দফায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজকে দেওয়া দাপ্তরিক চিঠিতে বুধবার (২৯ এপ্রিল) জানানো হয়, এএফএমসিকে আগামী ৫ বছরের জন্য এই ‘অ্যাক্রেডিটেড’ মর্যাদা প্রদান করা হয়েছে। এই স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটিকে প্রতি বছর তাদের একাডেমিক অগ্রগতির প্রতিবেদন কাউন্সিলের কাছে জমা দিতে হবে।

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্ধারিত মানদণ্ডসমূহ পূরণ করায় এএফএমসিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। কাউন্সিল আশা প্রকাশ করে যে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তাদের এই উচ্চমানের একাডেমিক পরিবেশ এবং গুণগত মান বজায় রাখবে।

বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা পেশায় কাজ করতে বা উচ্চশিক্ষা নিতে বর্তমানে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মেডিকেল কলেজগুলোর মধ্যে ৩য় প্রতিষ্ঠান হিসেবে এই স্বীকৃতি পাওয়ায় এএফএমসির শিক্ষার্থীদের ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেল।

এর অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা ও সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকহস সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বিএমইএসি দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এএফএমসির এই অর্জন দেশের সামরিক ও বেসামরিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।