ব্রণ কেন হয় এবং করণীয় কী?
দেহের সৌন্দর্যমণ্ডিত অঙ্গের অন্যতম একটি হলো মুখমণ্ডল। কিন্তু দেশের অধিকাংশ মানুষের এই মূখমন্ডলসহ অন্যান্য ত্বক ব্রণের আক্রমণের শিকার। এটি খুবই সাধারণ এবং বিরক্তিকর একটি সমস্যা। বিশেষজ্ঞদের মত হরমোনাল পরিবর্তন, জিমে গিয়ে অতিরিক্ত সাপ্লিমেন্ট বা স্টেরয়েড গ্রহণ, মানসিক চাপ বা বংশগতসহ বিভিন্ন কারণে হয়ে থাকে। ব্রণ নিয়ে অসচেতনতা বাড়াতে পারে সংক্রমণ ঝুঁকি।
ব্রণ কী এবং কেন হয়?
ব্রণ একটি সাধারণ এবং খুবই বিরক্তিকর সমস্যা। এটা মূলত আমাদের ত্বকের তেলের গ্রন্থিগুলোর অতিরিক্ত কার্যক্রমের কারণে ঘটে। আমাদের শরীরে সব জায়গায় তেলের গ্রন্থি থাকে, শুধু হাতের তালু এবং পায়ের তালু ছাড়া। যখন এই তেল গ্রন্থিগুলি অতিরিক্ত তেল উৎপন্ন করে এবং হাইপারঅ্যাকটিভ হয়ে ওঠে, তখন ব্রণ বা একনি দেখা দেয়।
ব্রণের কারণ
ব্রণ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:
১. পিউবার্টি বা টিনেজ: এই বয়সে হরমোনাল পরিবর্তনের কারণে বিশেষ করে এন্ড্রোজেন হরমোনের উচ্চতর মাত্রা ব্রণ সৃষ্টি করতে পারে। তাই টিনেজদের মধ্যে ব্রণ একটি সাধারণ সমস্যা।
২.পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম): মহিলাদের মধ্যে পিসিওএস থাকলে হরমোনাল ইমব্যালান্সের কারণে ব্রণ হতে পারে।
৩. পোস্ট মেনোপজ: মেনোপজের পরেও অনেক মহিলার হরমোনাল পরিবর্তন ঘটে, যার ফলে ব্রণ দেখা দিতে পারে।
৪. স্টেরয়েড বা সাপ্লিমেন্টস: কিছু মানুষ জিমে গিয়ে অতিরিক্ত সাপ্লিমেন্ট বা স্টেরয়েড গ্রহণ করে। এর ফলে ত্বকের তেলের গ্রন্থির অতিরিক্ত সিক্রিশন হয়, এবং ব্রণ সৃষ্টি হয়।
ব্রণের প্রকার
ব্রণের প্রধান তিনটি ধরন রয়েছে:
১. মাইল্ড ব্রণ: এটি সাধারণত ব্ল্যাকহেড বা হোয়াইটহেড আকারে থাকে। ত্বকের উপর ছোট ছোট পোরস বা দানার মতো দেখা যায়।
২. মডারেট ব্রণ: এই ধরণের ব্রণে ছোট ছোট গোটার মতো দানা দেখা যায়, যাকে প্যাপিউল বলা হয়।
৩. সিভিয়ার ব্রণ: এটি অনেক গুরুতর। এখানে সিস্ট বা লাম্পি ধরনের ব্রণ দেখা যায়, যা স্কিনে গভীর ও বড় হতে পারে।
ব্রণের চিকিৎসা
ব্রণের চিকিৎসা মূলত তার সিভিয়ারিটির উপর নির্ভর করে। তবে সাধারণভাবে, ব্রণের জন্য কিছু মৌলিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা প্রয়োজন:
১. ফেস ওয়াশ: প্রতিদিন মুখ ধোয়ার জন্য একটি ভালো ফেস ওয়াশ ব্যবহার করা উচিত, যা ত্বক পরিষ্কার রাখবে এবং ব্রণকে কমাতে সাহায্য করবে।
২. ময়েশ্চারাইজার: ত্বকের ব্যারিয়ারকে রক্ষা করতে এবং স্কিন হাইড্রেটেড রাখতে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
৩. সানস্ক্রিন: বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের রশ্মি ত্বককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ব্রণের সমস্যা বাড়াতে পারে।
ব্রণ রোধে পরামর্শ
ব্রণের চিকিৎসা ও ব্যবস্থাপনা এই উপরোক্ত রুটিন এবং চিকিৎসার উপর ভিত্তি করে হতে পারে। সুতরাং, ব্রণ নিয়ন্ত্রণ করতে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা অত্যন্ত জরুরি।
এমআই/