না ফেরার দেশে ঢামেকের ডা. রোকন উজ্জামান
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী রোকন উজ্জামান মারা গেছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, রোকন উজ্জামান কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং এটা গুরুতর আকার ধারণ করে। সাথে ছিল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস।
তার বাড়ি সাতক্ষীরা জেলায়। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
চিকিৎসক মহলে শোকের ছায়া
ডা. রোকনের মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন সহপাঠী, মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা।
মৃত্যুর খবর দিয়ে ঢামেকের ইন্টার্ন চিকিৎসক উমাইর আফিফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে লেখেন, 'কে-৭৬ ব্যাচের আমাদের ইমিডিয়েট সিনিয়র রোকন ভাই ইন্তেকাল করেছেন গতকাল। ৩০৬ এ যখন ছিলাম ভাইয়ের সাথে প্রায়ই দেখা হতো। কখনো ভাইকে হাসিমুখ ছাড়া দেখিনি। আল্লাহ ভাইকে জান্নাতবাসী করুন। পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমীন।'
ঢামেকে ডা. রোকনের সহপাঠী ডা. আরাফাত হোসেন নিজের ওয়ালে বলেন, 'আমাদের রোকন! আমাদের হিসেবে অবেলায় অস্তাচলে গমন, কিন্তু আল্লাহর কাছে তো অবেলা নয়। দোয়া করি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করান। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন। স্ত্রী এবং অনাগত সন্তানের জন্য অনেক অনেক দোয়া।'
নবীন এই চিকিৎসক মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
এমইউ/