লেবাননের হাসপাতাল সুরক্ষায় ডব্লিউএইচও’র জরুরি আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: লেবাননের রাজধানী বৈরুতের হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জরুরি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর টানা বিমান হামলা চালায় এবং জোরপূর্বক এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরাইল। এ প্রেক্ষাপটে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে।
দেশটির সিডন ও নাবাতিহসহ বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত থাকে। একই সঙ্গে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। রাজধানী বৈরুতের আকাশে রাতভর চক্কর দেয় ইসরাইলি নজরদারি ড্রোন।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বৈরুতের দক্ষিণ শহরতলিকে ঘিরে। ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে ওই এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। এবারের নির্দেশনায় ‘জনাহ’ এলাকাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বাস্তুচ্যুত হাজারো মানুষ আশ্রয় নিয়েছিলেন।
এই উচ্ছেদ নির্দেশের পর গভীর উদ্বেগ জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, জনাহ এলাকায় দুটি বড় হাসপাতাল রয়েছে, যা বর্তমানে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।
হাসপাতাল দুটিতে প্রায় ৪৫০ জন রোগী চিকিৎসাধীন। ডব্লিউএইচওর মতে, লেবাননের অন্যান্য হাসপাতালগুলো ইতোমধ্যেই রোগীতে পরিপূর্ণ থাকায় এসব রোগীকে অন্য কোথাও স্থানান্তর করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
গত বুধবার লেবাননজুড়ে ইসরাইলি হামলায় এক হাজারের বেশি মানুষ আহত হন। সেই আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্যব্যবস্থা। একদিকে নতুন করে হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে নিহতদের পরিচয় শনাক্ত ও সংখ্যা নির্ধারণের কাজও এখনো শেষ হয়নি।
যাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের অনেকেই আগে একবার হামলায় ঘরবাড়ি হারিয়ে জনাহ এলাকায় আশ্রয় নিয়েছিলেন। এখন দ্বিতীয়বারের মতো তাদের সরে যেতে বাধ্য করা হচ্ছে, যা দেশটিতে মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে।
প্রসঙ্গত, ইসরাইল দাবি করছে তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে বেসামরিক অবকাঠামো ও হাসপাতালের কাছাকাছি উচ্ছেদ নির্দেশ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
টিআই/
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক