হামের প্রাদুর্ভাব মোকাবিলায় শিগগির টিকা সংগ্রহ: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: হামের প্রাদুর্ভাব মোকাবিলায় শিগগিরই টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, টিকা সংগ্রহে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে হামের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে রাজশাহী ও মানিকগঞ্জ জেলায় ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য হাসপাতালেও ভেন্টিলেটর সংযোজন এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সর্বশেষ বড় আকারে হামের টিকাদান ক্যাম্পেইন হয়েছিল ২০১৮ সালে। দীর্ঘ বিরতির পর আবার টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে টিকা দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা দিতে পারে, তা নির্ধারণে দুই দেশের অভিজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী। আগামী মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজ শুরু করার লক্ষ্য রয়েছে।
টিআই/