সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে বিরোধীদলের ওয়াকআউট
মেডিবয়েস রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করেছেন বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।
সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিতে শুরু করলে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন।
এর আগে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং তাঁদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
সংসদ কক্ষে এ সময় কিছুক্ষণ হইচইয়ের সৃষ্টি হয়। স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এর মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করে স্পিকারের পাশের আসনে বসেন এবং ভাষণ শুরু করেন। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। পরে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।