দিনাজপুরে এনডিএফের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। সোমবার (৯ মার্চ) স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়ায় অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষক ও মেডিকেল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ডা. মাজেদুর রহমান মাজেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সহ-সভাপতি গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান ডা. শামিউল হোসেন।
তিনি বলেন, এনডিএফ চিকিৎসকদের একটি আদর্শিক ও মানবিক প্ল্যাটফর্ম। এই সংগঠনের মূল লক্ষ্য হলো চিকিৎসা পেশার মর্যাদা রক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধের সাথে মানুষের সেবাদান এবং চিকিৎসক সমাজের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করা।
আরও বক্তব্য রাখেন নিউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক (অব.) ডা. এ. এস.এম. বদরুল হাসান, শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালট্যান্ট (অব.) ডা. মো. রইস উদ্দিনআহমদ, এনডিএফ রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি দিনাজপুর মেডিকেলের এনেস্থিসিয়া বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ হোসেন এবং
এনডিএফ দিনাজপুর শাখার উপদেষ্টা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান রাজিবুর রহমান পলাশ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শোয়াইবুর রহমান।
সমাপনী বক্তব্যে এনডিএফ দিনাজপুর জেলা সভাপতি ডা. আনসার আলী বলেন, ‘এনডিএফ দেশের সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী চিকিৎসা ব্যবস্থার স্বপ্ন দেখে। আমরা আশা করি, এই সংগঠনের মাধ্যমে চিকিৎসক সমাজ আরও সংগঠিত হবে এবং দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।’
চিকিৎসাকে একটি পবিত্র আমানত উল্লেখ করে তিনি বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব শুধু রোগ নিরাময় করা নয়, বরং মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করা।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন।