বিএমইউর শিশু বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক আতিয়ার
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। সম্প্রতি তিন বছরের মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিশুস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান হন তিনি।
অধ্যাপক ডা. মো. আতিয়ার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য এবং বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের (বিপিপিএফ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি শিশুস্বাস্থ্য পালমোনোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন এবং এর আগে শিশুস্বাস্থ্য অনুষদের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৩ বছর রাজনৈতিক প্রতিহিংসা ও নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ২০২৪ সালের আগস্ট মাসে অধ্যাপক হিসেবে ন্যায্য পদোন্নোতি পান তিনি।
চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি আর্ন্তজাতিক অঙ্গনেও রয়েছে তাঁর কৃতিত্বের স্বাক্ষর।
ডা. মো. আতিয়ার রহমান ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, ভারত ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে আয়োজিত একাধিক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন, যেখানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া তিনি বিদেশে উচ্চতর প্রশিক্ষণ বিশেষত শিশুস্বাস্থ্য পালমোনোলজি ও পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার বিষয়ে গ্রহণ করেছেন।
বিসিপিএসের সিনিয়র ফেলো এবং পোস্ট গ্রাজুয়েশন রেসিডেন্সি কোর্সের ডিরেক্টর।
বেড়ে ওঠার গল্প
অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান ১৯৬৭ সালের ১২ অক্টোবর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্যামলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। আশৈশব মেধাবী ও পরিশ্রমী আতিয়ার রহমানের পড়ালেখায় হাতেখড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে।
তিনি ১৯৮৩ সালে আলমডাঙ্গা পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ সেন্টার ফার্স্ট হয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৮৬ সনে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিষয়ে সেন্টার ফার্স্ট হন। পরবর্তীতে মানুষের সেবা করার ব্রত নিয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে এমবিবিএস সম্পন্ন করেন। ডা. আতিয়ার ছিলেন কে-৪৩ ব্যাচের শিক্ষার্থী।
এর পর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে খুলনা মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন।
তিনি ২০০৫ সালে বিএসএমএমইউ থেকে শিশু বিভাগে ওপর এমডি এবং ২০০৮ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।
ডা. মো. আতিয়ার রহমান ২০০৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, যা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নামে পরিচিত।
স্বাস্থ্যসেবায় অন্তঃপ্রাণ এই চিকিৎসক ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক।
এমইউ/