বইমেলায় আসছে ডা. নাবিলের 'ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প'
মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতাকে তুলে ধরেছে এমন একটি ব্যতিক্রমধর্মী বই আসছে অমর একুশে বইমেলায়। চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী।
আগমী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বইমেলায় বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। লেখক নিজের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সংস্কৃতিগত পার্থক্য ও চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র গল্পের ছলে পাঠকের সামনে উপস্থাপন করেছেন।
বিশেষভাবে বইটিতে ইরানের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, ভাষাগত চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল ট্রেনিং এবং রোগী ব্যবস্থাপনার দিকগুলো আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী দিক ও বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলনামূলক বিশ্লেষণও রয়েছে যা আগ্রহী শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে।
লেখক কামরুজ্জামান নাবিল মনে করেন, বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ডাক্তার হয়ে ওঠার গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। এই বইটি শুধু আত্মজীবনীমূলক নয়, বরং যারা বিদেশে মেডিকেল পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি একটি বাস্তবধর্মী গাইড হিসেবেও বিবেচিত হবে।
চিকিৎসা শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আগ্রহী পাঠকদের জন্য ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প এবারের বইমেলায় একটি উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে।
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৩