২৮ জানুয়ারী, ২০২৬ ১০:১৮ পিএম

গণ-অভ্যুত্থানে শহীদ ডা. সজীবের মায়ের চিকিৎসায় এনডিএফের আর্থিক সহায়তা

গণ-অভ্যুত্থানে শহীদ ডা. সজীবের মায়ের চিকিৎসায় এনডিএফের আর্থিক সহায়তা
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ডা. সজীব সরকারের মায়ের পাশে এনডিএফ ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম ওয়ালিউল্লাহ। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ডা. সজীব সরকারের মা ঝর্ণা বেগমের চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। তিনি তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে হাসপাতালে গিয়ে স্বজনদের হাতে নগদ টাকা তুলে দেন এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম ওয়ালিউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সমাজসেবা সম্পাদক ডা. সারোয়ার তুহিন। 

এনডিএফ ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘শুধু ২৪ এর গণঅভ্যুত্থানে নয়, আমরা যখন খুব কঠিন একটি অবস্থার মধ্যে ছিলাম, তখনও সাইক্লোন, সিডর, ভূমিকম্প, রানা প্লাজা ধস—এ রকম প্রতিটি দুর্যোগে আমরা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যখন করতে পারি, আমাদের কাছে একটু ভালো লাগে। আমরা চাই, যেন এটা আরও ভালোভাবে করতে পারি।’

‘শহীদ সজীব সরকারের পরিবারের সাথে আমাদের যে যোগাযোগ এবং আমাদের সীমিত সামর্থ নিয়ে তাদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা, এটা আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে করেছি এবং চেষ্টা করে যাচ্ছি। আমরা মনে করি, আমরা পুরোপুরি তাদের সমস্যার সমাধান করতে পারবো না। পেশাজীবী একটি সংগঠন পুরো দায়িত্ব নিতে পারে না। রাষ্ট্রকে এ দায়িত্ব নিতে হবে। সজীবের মা তীব্র শ্বাসকষ্টজনিত জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। রোগীর অক্সিজেন নেওয়ার যে সক্ষমতা সেটা কমে গেছে। খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ অবস্থা—যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর চিকিৎসাও জটিল। কাজেই এই চিকিৎসায় রাষ্ট্র এগিয়ে আসবে, প্রয়োজনে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবে। এ ব্যাপারে আমরা দৃঢ়ভাবে রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি’—যোগ করেন ডা. ওয়ালিউল্লাহ।

শহীদ সজীবের বাবা হালিম সরকার বলেন, ‘সজীবের মা দীর্ঘ দিন ধরে অসুস্থ আছেন। এনডিএফের চিকিৎসকরা সক্রিয়ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং ডা. সজীবের মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর প্রতিদিনই তাদের কেউ না কেউ রাখছেন। সম্প্রতি তার অবস্থা খারাপ হয়ে গেলে আমরা পরিবারের সবাই হতাশ হয়ে যাই। তখন এনডিএফের কিছু চিকিৎসক আমাদের অভয় দিয়েছেন যে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং আমরা আপনাদের পাশে আছি। আসলেই তাঁরা পাশে আছেন। তাদের কয়েকজন চিকিৎসক তাৎক্ষণিভাবে এখানে এসেছেন।’

সজীবের মায়ের নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন লাগছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এখান থেকে বেরিয়ে আসতে রাষ্ট্র অথবা এনডিএফ যদি একটি পদক্ষেপ নেয়, তাহলে ভালো হতো। উনি অক্সিজেন ধরে রাখতে পারছেন না, কেন পারছেন না, এটা নির্ণয়ে চিকিৎসক মহলকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। এ ক্ষেত্রে সরকার উদ্যোগ নিলে দেশের বাইরে ভালো একটি চিকিৎসা দেওয়া সম্ভব। আমাদের পরিবারের সদস্যদের ঘুম ও খাওয়া-দাওয়া নেই। সবাই একটি হতাশার মধ্যে আছি। রাষ্ট্রসহ সকল চিকিৎসকের কাছে অনুরোধ, জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে যেন সজীবের মায়ের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।’

গত ২১ জানুয়ারি এভারকেয়ার হাসপাতালে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করিয়ে ফেরার পথে হঠাৎ ঝর্ণা বেগমের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তাৎক্ষণিকভাবে তাঁকে উত্তরার হাসপাতালটিতে নেওয়া হয়। সেখানে তিনি দুই দিন লাইফ সাপোর্টে ছিলেন। গত ২৩ জানুয়ারি তাঁর জ্ঞান ফিরে। বিকেলে তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের স্বল্পতা, দীর্ঘমেয়াদি কিডনি রোগ (ক্রনিক কিডনি ডিজিজ), ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে বাধাজনিত সমস্যা (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এবং ডায়াবেটিসজনিত স্নায়ু ক্ষতি (ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি) রোগে আক্রান্ত। গণ-অভ্যুত্থানে ছেলে শহীদ হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

এর আগে ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৮ জুলাই উত্তরার একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছোটভাই আব্দুল্লাহকে আনতে গিয়ে আজমপুর এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন ডা. সজীব। জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধারা তাঁকে বাঁচাতে নিয়ে যান উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে নিভে যায় প্রাণপ্রদীপ। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক