১৭ জানুয়ারী, ২০২৬ ০১:২৬ পিএম

গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ বা নিম্নকক্ষের মতো বিষয় নয়, গণভোট নাগরিকের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলবে, সেটি সাধারণ মানুষের কাছে তুলে ধরেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে কাজ করছে সরকার।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারা নির্বাচন বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবে। তাই জনগণকে যত বেশি যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই কোনো গুজব কানে আসবে, সঙ্গে সঙ্গে সেটি যে ভুল, তা তুলে ধরতে হবে। যে তথ্য ছড়ানো হয়েছে, তা যে ভুল—সেটি প্রচার করলে মানুষ সত্য জানতে পারবে এবং স্বস্তি পাবে।’

নূরজাহান বেগম বলেন, ‘যত বেশি মানুষ অংশগ্রহণ করবে, অশুভ শক্তি তত বেশি পেছনে হাঁটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে এগোতে দেওয়া যাবে না। তারা সামনে এলে তাণ্ডব নিয়ে আসে। সে ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

১২ জানুয়ারির নির্বাচনে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভোট গ্রহণ বেশি হতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমরা রেকর্ড সৃষ্টি করব। গণভোটে আমরা “হ্যাঁ” ভোট দেব। ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করার লক্ষ্য নিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা তা পারব।’

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সিলেটের জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক