শহীদ ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, দুপুর ২টায় জানাজা
মেডিভয়েস রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ মো. ওসমান হাদীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এ ময়নাতদন্ত করা হয়।
পরে এই জুলাই যোদ্ধার লাশ আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) হিমঘরে নেওয়া হয়। সেখানে গোসল ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে লাশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নেওয়ার প্রস্তুতি চলছে। বাদ জোহর দুপুর দুইটায় জানাজা হবে।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে ফ্রিজিং গাড়িতে করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় পুরো এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনআইসিভিডি থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে হাদীর লাশ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হবে। পরে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে থাকবে প্রায় এক হাজার বডি ওয়ার্ন ক্যামেরা।
গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদীকে নেওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন এই জুলাই বিপ্লবী। পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর লাশ দেশে আনা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এমইউ/