০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৫ পিএম

এনসিডি মোকাবিলায় খাতভিত্তিক উদ্যোগ জোরদারের তাগিদ মন্ত্রিপরিষদ সচিবের

এনসিডি মোকাবিলায় খাতভিত্তিক উদ্যোগ জোরদারের তাগিদ মন্ত্রিপরিষদ সচিবের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে দ্রুত বাড়তে থাকা অসংক্রামক রোগ (এনসিডি) ও অকালমৃত্যু হ্রাসে বহুখাতভিত্তিক সমন্বিত পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, এনসিডির ঝুঁকি কমাতে জনগণের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জনস্বাস্থ্যে অবদান রাখা ক্লাব-জিমনেশিয়ামের জন্য কর মওকুফের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণা বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন’ সংক্রান্ত তৃতীয় পর্যায়ের সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সভার আয়োজন করে এবং কারিগরি সহায়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, যৌথ ঘোষণা বাস্তবায়নে ইতোমধ্যে ৩৫টি মন্ত্রণালয় একযোগে কাজ করছে, যা দেশের স্বাস্থ্য খাতে বড় অগ্রগতি। মাঠ-সংকট, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তামাক ব্যবহার, পরিবেশ দূষণ ও সড়কে নিরাপত্তাহীনতা মোকাবিলা ছাড়া এনসিডি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মত দেন মন্ত্রিপরিষদ সচিব।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত অগ্রাধিকারমূলক ১২টি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো—

১. সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন: সব মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করবে। কেবিনেট ডিভিশন এসব কার্যক্রম তদারকি করবে। প্রতিটি মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হবে এবং কর্মকর্তাদের এপিআর/এসিআরে এনসিডি স্ক্রিনিং অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়।

২. আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার: এনসিডিকে জাতীয় উন্নয়নের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সমন্বয় ও তদারকি আরও শক্তিশালী করার সিদ্ধান্ত হয়।

৩. সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ: তামাকজনিত ক্ষতি, পুষ্টিকর খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য, জীবনধারা পরিবর্তন ও শারীরিক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

৪. আইন বাস্তবায়ন দ্রুততর করা: তামাক নিয়ন্ত্রণ আইন, খাদ্য নিরাপত্তা আইন, ট্রান্স-ফ্যাট নিষেধাজ্ঞা, সড়ক নিরাপত্তা ও পরিবেশ স্বাস্থ্য–সংক্রান্ত আইন দ্রুত নিষ্পত্তি ও কার্যকর বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।

৫. বিদেশে স্বাস্থ্য বিনিয়োগ আকর্ষণ:  বৈদেশিক মিশনের মাধ্যমে স্বাস্থ্যখাতে বিনিয়োগ, প্রযুক্তিগত সহায়তা, গবেষণা ও অর্থায়ন বাড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হবে।

৬. নতুন নীতি ও আইন প্রণয়ন: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন, খাদ্য ও ফ্রন্ট–অফ–প্যাক লেবেলিং, চিনিযুক্ত পানীয় ও অতিপ্রক্রিয়াজাত খাদ্য নিয়ন্ত্রণ এবং পরিবেশ স্বাস্থ্য আইনসহ নতুন নীতিমালা খসড়া প্রণয়নের সিদ্ধান্ত হয়।

৭. জনস্বাস্থ্যবান্ধব নগর পরিকল্পনা: পার্ক, খেলাধুলার মাঠ, সাইকেল লেন এবং হাঁটার পথ তৈরিতে জমি বরাদ্দ নিশ্চিত করা হবে।

৮. বায়ুদূষণ নিয়ন্ত্রণ: বায়ুর গুণমান সূচক প্রকাশ, নগর সবুজায়ন বৃদ্ধি এবং সব সরকারি ইভেন্টে তামাকমুক্ত ও পরিবেশবান্ধব নির্দেশনা বাধ্যতামূলক করার প্রস্তাব গৃহীত হয়।

৯. ধর্মীয় স্থানে ধূমপানমুক্ত পরিবেশ: মসজিদ–মন্দিরসহ ধর্মীয় স্থানে ধূমপান নিষিদ্ধকরণ ও তামাক/অ্যালকোহলবিরোধী প্রচারণা বৃদ্ধি করা হবে।

১০. মিডিয়ায় স্বাস্থ্যবান্ধব প্রচার: টিভি–রেডিওতে এনসিডি বিষয়ে সরকারি বার্তার জন্য বাধ্যতামূলক ফ্রি এয়ারটাইম বরাদ্দ এবং শিশুদের লক্ষ্য করে অস্বাস্থ্যকর খাবার, তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়।

১১. সড়ক নিরাপত্তা উন্নয়ন: সব সড়ক প্রকল্পে হাঁটার পথ, ইউনিভার্সাল ডিজাইনসমৃদ্ধ ফুটপাত ও সাইকেল লেন বাধ্যতামূলক করা হবে।

১২. স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যের ওপর কর বৃদ্ধি: তামাক, চিনিযুক্ত পানীয় এবং অস্বাস্থ্যকর খাদ্যের ওপর কর বৃদ্ধি করে ভোক্তা কমানোর সুপারিশ করা হয়।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে নীতি, আইন, অবকাঠামো, প্রশিক্ষণ, জনসচেতনতা এবং সবক্ষেত্রে সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক