রমেকে শীতার্তদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রশিবিরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪ নভেম্বর সকাল ১০টায় কলেজ ডরমিটরিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ আয়োজনে শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনোয়ার হোসেইন, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু জাহিদ বসুনিয়া, সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম ও নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. মাহমুদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, ‘শীত শুরুর আগেই এ আয়োজন প্রশংসনীয়। ছাত্রশিবিরের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।’
উপাধ্যক্ষ ডা. আনোয়ার হোসাইন বলেন, ‘নিঃসন্দেহে একটা ভাল উদ্যোগ। আমরা প্রায়ই দেখি, অনেকে শীত শেষ হয়ে যাওয়ার পর কম্বল নিয়ে দৌড়াদৌড়ি, ফটোসেশন করে। শীত শুরুর আগেই ছাত্ররা তাদের চলার টাকা বাঁচিয়ে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছে, এটা ব্যতিক্রম।’
জানতে চাইলে সংগঠনটির রংপুর মেডিকেল কলেজ প্রতিনিধি মোহাম্মদ শাওন বলেন, ‘ছাত্রশিবির প্রতি বছরই এ ধরনের আয়োজন করে থাকে। বিগত বছরগুলোতে স্বৈরাচার ক্ষমতায় থাকায় এ ধরনের আয়োজন প্রকাশ্যে করা সম্ভব হয়নি।’
এসব কর্মসূচির মাধ্যমে সব ছাত্র সংগঠনের মাঝে ভালো কাজের প্রতিযোগিতা শুরু হবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি।
টিএম/এমইউ