২০ নভেম্বর, ২০২৫ ০৫:৪০ পিএম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৩৫৩ জনের মৃত্যু ঘটিয়েছে মশাবাহিত রোগটি। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৪৫ জন। ডেঙ্গুতে সব মিলিয়ে ৮৮ হাজার ৪৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন। এছাড়া চট্টগ্রাম বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১৫৭ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৭ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ৩২ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৩ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে এক জন (সিটি করপোরেশনের বাইরে)। 

গত একদিনে সারাদেশে ৬৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ২৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত সব মিলিয়ে ৮৮ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের।

অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। অধিদপ্তরের তথ্যমতে, গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ রোগী। অক্টোবরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫২০ জনে। অর্থাৎ এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে ৪২ শতাংশ।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু