ডেঙ্গুতে একদিনে ১১৬২ সংক্রমণ, মৃত্যু ৫
মেডিভয়েস রিপোর্ট: গত এক দিনে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৮৩ জনের মৃত্যু ঘটিয়েছে মশাবাহিত রোগটি। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৬২ জন। ডেঙ্গুতে সব মিলিয়ে ৭১ হাজার ৬৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন। এছাড়া উত্তর সিটি করপোরেশন এবং রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ২৬১ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, খুলনা বিভাগে ১৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮৭ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৯৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৮ জন (সিটি করপোরেশনের বাইরে)।
গত একদিনে সারাদেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৪১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত সব মিলিয়ে ৭১ হাজার ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।
অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। অধিদপ্তরের তথ্যমতে, গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ রোগী। অক্টোবরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫২০ জনে। অর্থাৎ এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে ৪২ শতাংশ।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমইউ/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬