৩০ অক্টোবর, ২০২৫ ০৯:১০ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ, জিপিএ সাড়ে ৮ বাধ্যতামূলক

মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ, জিপিএ সাড়ে ৮ বাধ্যতামূলক
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এতে ভর্তি পরীক্ষার যোগ্যতা, নিয়ম, কোটা ও মাইগ্রেশনসহ সকল বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আট পৃষ্ঠার এই নীতিমালার কথা জানানো হয়।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হইবে। প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। দুই পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে, যেখানে কোনো এক পরীক্ষায় ৪.০০ এর কম জিপিএ থাকলে অযোগ্য বলে গণ্য হবে। বিদেশি শিক্ষার্থীর জন্য সরকারী ও বেসরকারি কলেজে ভিন্ন মানদণ্ড প্রযোজ্য, তবে তাদেরও ন্যূনতম জিপিএ এবং জীববিজ্ঞানে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য কিছু বিশেষ কোটা এবং ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া মেধা তালিকা অনুযায়ী হবে, যেখানে এসএসসি ও এইচএসসি বা সমমানের জিপিএ এবং জাতীয় ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে ক্রম নির্ধারণ করা হবে। লিখিত ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের, যেখানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত, ৪০ নম্বর পাশ মার্ক। ভুল উত্তরে ০.২৫ নম্বর কর্তন প্রযোজ্য। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সরকারি কলেজের ভর্তি প্রক্রিয়া ৪৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে, এরপর বেসরকারি কলেজে ভর্তি শুরু হবে। বেসরকারি কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য অনলাইনে পুনরায় আবেদন এবং মেধা ও পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দের ব্যবস্থা থাকবে।

মাইগ্রেশন বা কলেজ বদল প্রক্রিয়ায় সরকারি কলেজে সর্বোচ্চ তিনবার, বেসরকারি কলেজে সর্বোচ্চ দুইবার শিক্ষার্থীর আসন পরিবর্তনের সুযোগ থাকবে। তবে একবার চূড়ান্ত ভর্তি সম্পন্ন হলে ইন্টার্নশীপের আগে কোনো শিক্ষার্থী অন্য কলেজে স্থানান্তর করতে পারবে না। এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের কারিকুলাম বিএমএন্ডডিসি অনুমোদিত হবে এবং কোর্স শেষে এক বছর ইন্টার্নশীপ বাধ্যতামূলক। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকবে, এবং সংরক্ষিত আসনে নির্বাচিত শিক্ষার্থীর সনদপত্র কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই করবে।

নীতিমালা দেখতে ক্লিক করুন

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত