সিএমএসএর সভাপতি ডা. সিয়াম, সম্পাদক ডা. চাঁদনী
মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএমএসএ) ২০২৫ সেশনের নির্বাচনে সভাপতি পদে ডা. মো. শাহরিয়ার সিয়াম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ডা. তানজিয়া তাসমিম চাঁদনী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। অনলাইনে অনুষ্ঠিত এ নির্বাচনে শতাধিক মেডিকেল শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. মো. শাহরিয়ার সিয়াম (ইন্টার্ন ডাক্তার, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর) ও ডা. মো. রাকিব হোসেন (ইন্টার্ন ডাক্তার, রংপুর মেডিকেল কলেজ)। এর মধ্যে ডা. শাহরিয়ার সিয়াম ৭০% ভোট পেয়ে বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. তানজিয়া তাসমিম চাঁদনী (ইন্টার্ন ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ) ও ডা. আবরার হাসনাত হৃদয় (ইন্টার্ন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজ)। ডা. চাঁদনী ৬৯% ভোট পেয়ে নির্বাচিত হন।
বিজয় ঘোষণার পর ডা. মো. শাহরিয়ার সিয়াম বলেন, ‘চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ সংগঠন। আমরা শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছি। যারা আমাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব শিগগিরই পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হবে এবং এই কমিটি শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও সংগঠনের সার্বিক উন্নয়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।’
নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. তানজিয়া তাসমিম চাঁদনী বলেন, ‘জেনারেল সেক্রেটারি হিসেবে সাংগঠনিক সক্রিয়তা, স্বচ্ছতা ও সমন্বয় সাধনে আমি কাজ করবো। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাবো।’
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করা সিএমএসএর সদ্য সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোমিন হৃদয় বলেন, ‘ইতোপূর্বে সংগঠনে প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে দায়িত্ব সিলেকশনের মাধ্যমে নির্ধারিত হতো। তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবছর থেকে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি, নবনির্বাচিত কমিটি সংগঠন এবং জেলার শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনকে আরও এগিয়ে নেবে।’
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবান্ধব সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার শিক্ষার্থী উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এমইউ/