এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৫৮.৮৩ শতাংশ
মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এ ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ।
আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ ও মাদরাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।
এমইউ/