ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩০৮
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ১৯৩ জন। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী। এ সময় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১৭ জন এবং নারী ১০৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৩ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
-
১৮ ঘন্টা আগে
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬