স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা
এফসিপিএস ২য় পর্ব: প্রতি ইউনিটে সর্বাধিক প্রশিক্ষণার্থী পাঁচজন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এফসিপিএস পার্ট-২ এর প্রশিক্ষণের ক্ষেত্রে ১০ শয্যার ইউনিটে সর্বাধিক পাঁচজন এবং ১০ শয্যার অধিক ইউনিটে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে সর্বাধিক আটজন। এসব ইউনিটে বছরে এ সংখ্যা হবে যথাক্রমে সর্বাধিক ১৬ ও ২০ জন।
মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহর স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে এর অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)- এর ২৪ ডিসেম্বর ২০১২ তারিখে অনুষ্ঠিত ১৪৪তম কাউন্সিল সভায় এফসিপিএস ২য় পর্ব পরীক্ষার প্রশিক্ষণ গ্রহণের জন্য ট্রেইনী ও ট্রেইনারের অনুপাত নিম্নরূপভাবে নির্ধারণ করা হয়—
১. দশ শয্যার একটি ইউনিটে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে সর্বাধিক ০৫ জন এবং একসঙ্গে বৎসরে এ সংখ্যা হবে সর্বাধিক ১৬ জন।
২. দশ শয্যার অধিক একটি ইউনিটে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে সর্বাধিক ০৮ জন এবং একসঙ্গে বৎসরে এ সংখ্যা হবে সর্বাধিক ২০ জন।
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় প্রশিক্ষণার্থী পদায়ন সংক্রান্ত উল্লিখিত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ সরকারি চিকিৎসকদের প্রেষণে পদায়নের আদেশ প্রাপ্তির পূর্বে মেডিকেল কলেজ হাসপাতাল/প্রতিষ্ঠানসমূহে এফসিপিএস পার্ট-২ এর প্রশিক্ষণের নিমিত্ত বেসরকারি প্রশিক্ষণার্থীদেরকে গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এমইউ/