ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচন ৯ আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৫ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে আগামী ৯ আগস্ট।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার স্বাক্ষরিত তফসিলে গত ২৫ জুলায় খসড়া এবং ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক করা হয়।
এ ছাড়া শনিবার (২৬ জুলাই) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগামী ২৮ জুলাই রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে।
আগামী ২৯ জুলাই রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ জুলাই। পর দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৯ আগস্ট বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ভোট গ্রহণ হবে।
গত ২৪ মার্চ ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধ্যাপক ডা. হারুন আর রশীদ ও ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।’
এতে আরও বলা হয়, অতিশীঘ্র ড্যাবের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করার জন্য কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ড্যাবের ২৭১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ছিলেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ। এর মহাসচিব ছিলেন অধ্যাপক ডা. আব্দুস সালাম। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি পদে ডা. মো. আবদুস সেলিম ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ডা. মো. মেহেদী হাসান।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলার জনশক্তি। তাদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন।
এমইউ/