ডা. মুহাম্মাদ সাঈদ এনাম ওয়ালিদ

ডা. মুহাম্মাদ সাঈদ এনাম ওয়ালিদ

চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ কলামিস্ট, জনস্বাস্থ্য গবেষক।


১৯ জুলাই, ২০২৫ ১১:২২ এএম

পেঁয়াজের ঝাঁজ ও মরিচের ধোঁয়ায় হাঁচি-কাশি-শ্বাসকষ্ট, সাধারণ অ্যালার্জি ভেবে হেলাফেলা নয়

পেঁয়াজের ঝাঁজ ও মরিচের ধোঁয়ায় হাঁচি-কাশি-শ্বাসকষ্ট, সাধারণ অ্যালার্জি ভেবে হেলাফেলা নয়
প্রতীকী ছবি

রান্নাঘরে পিঁয়াজ কাটার সময় কিংবা মরিচ আগুনে পোড়ালে অনেকের চোখ জ্বালা করে, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি শুরু হয়। কেউ কেউ কাশতে কাশতে হাঁপিয়ে যান, শ্বাসকষ্টেও ভোগেন। অল্প মাত্রায় হলে একে সাধারণ ‘অ্যালার্জি’ ভেবে হেলাফেলা করা হয়। কিন্তু যাদের ক্ষেত্রে তীব্র হাঁচি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়, চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে একে বলে ‘ইরিটেন্ট ইনডিউসড রাইনাইটিস’ বা ‘নন-অ্যালার্জিক রাইনো-ব্রংকিয়াল রিঅ্যাকশন’।

এটি আসলে এক ধরনের অতিসংবেদনশীল প্রতিক্রিয়া (Hypersensitive reaction), যেখানে পরিবেশে থাকা উত্তেজক রাসায়নিক পদার্থ শ্বাসনালিকে অস্বাভাবিক মাত্রায় উদ্দীপ্ত করে ফেলে। (Sanico & Togias, 1999)

এমনটা হওয়ার কারণ

পিঁয়াজ কাটার সময় নির্গত হয় সালফারযুক্ত একটি রাসায়নিক Propanethial-S-oxide. এটি বাতাসে মিশে গিয়ে চোখ ও নাকের মিউকাস মেমব্রেনকে (নরম পর্দা) উত্তেজিত করে। ফলে চোখে জ্বালা, নাক দিয়ে পানি পড়া ও হাঁচির উদ্রেক হয়।

অন্যদিকে মরিচ পোড়ালে তৈরি হয় Capsaicin নামের এক প্রাকৃতিক যৌগ, যা আমাদের শ্বাসনালির সংবেদনশীল রিসেপ্টরগুলোকে উত্তেজিত করে। এতে কাশি, জ্বালাপোড়া এবং কারও কারও ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে।

বিশেষ করে যাদের শ্বাসনালির আবরণ পূর্ব থেকেই অতিসংবেদনশীল বা যাঁরা জেনেটিকভাবে এই ধরনের উত্তেজনায় প্রতিক্রিয়াশীল, তাদের ক্ষেত্রে এই ধোঁয়া অ্যাজমা বা ব্রঙ্কোস্পাজম (শ্বাসনালির আকস্মিক সংকোচন) সৃষ্টি করতে পারে। (Doty, 2001); (NIH PubChem, Capsaicin).

এটি দীর্ঘমেয়াদি রোগ?

এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয় Reactive Airway Dysfunction Syndrome (RADS), যা এক ধরনের পরিবেশগত ট্রিগারড রেসপন্স। যদিও এটি স্থায়ী অসুখ নয়। তবে বারবার ধোঁয়ার সংস্পর্শে এলে এই অতিসংবেদনশীলতা স্থায়ী হয়ে অ্যাজমা বা হাঁপানি রোগে রূপ নিতে পারে।

বিশেষত যাঁরা রান্নাঘর, ধোঁয়া বা রাসায়নিকের সংস্পর্শে নিয়মিত থাকেন, যেমন—গৃহিণী, রেস্টুরেন্ট কর্মী বা বাবুর্চি, তাদের মধ্যে এটি Occupational Asthma (পেশাগত অ্যাজমা) হিসেবে বিকশিত হওয়ার আশঙ্কা বেশি। (Brooks, Weiss & Bernstein, 1985); (AAAAI, Occupational Asthma)

চিকিৎসা কী?

চিকিৎসার প্রথম ধাপ হলো উত্তেজক উৎস থেকে দূরে থাকা। যেমন—পিঁয়াজ-মরিচ কাটার সময় রান্নাঘরে জানালা খোলা রাখা, এক্সজস্ট ফ্যান চালু রাখা, প্রয়োজনে মাস্ক ব্যবহার করা।

তীব্র হাঁচি-কাশি হলে অ্যান্টিহিস্টামিন ও নাসাল ডিকনজেসট্যান্ট স্প্রে উপকার দেয়। শ্বাসকষ্ট দেখা দিলে ব্রঙ্কোডাইলেটর ইনহেলার (যেমন স্যালবুটামল) দ্রুত প্রশমনে সহায়ক। কারও ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে স্টেরয়েড ইনহেলার বা অ্যান্টিকোলিনার্জিক স্প্রে প্রয়োজন হতে পারে (Sanico & Togias, 1999); (AAAAI Guidelines)

জনসচেতনতায় বার্তা

এ সমস্যাকে হেলাফেলা করলে চলবে না। মনে রাখবেন, রান্নাঘরের সাধারণ ধোঁয়াও শিশু, বয়স্ক ও হাঁপানির রোগীদের জন্য হঠাৎ শ্বাসকষ্টের কারণ হতে পারে। অনেক সময় রোগী এই লক্ষণ জানালেও পরিবার তা গুরুত্ব দেয় না, বা মনে করে রোগী মানসিকভাবে অস্থির বা ভান করছে (Malingering)। ফলে সমস্যাটি আরও জটিল হয়।

প্রতিরোধই সর্বোত্তম উপায় হলো নিরাপদ রান্নাঘর, সঠিক বায়ুচলাচল, মাস্ক ব্যবহার এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ। (Brooks et al., 1985); (AAAAI, 2023)

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত