ছয় দফা দাবিতে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
সাইদুল ইসলাম সাঈদ: ছয় দফা দাবিতে ঝিনাইদহ অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ছয়টি উপজেলার তিন শতাধিক স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা আয়োজন করে।
এ সময় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, ফরহাদ হোসেন, আক্তার হোসেন প্রমুখ বক্তব্য দেন। দাবি বাস্তবায়ন না করা হলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দীন আহমেদ মেডিভয়েসকে বলেন, ‘তারা গ্রেডের পরিবর্তন চায়,আমরা লাইন ডিরেক্টর (ইপিআই) ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছি। ১৬ থেকে ১৪তম গ্রেড প্রদানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। তবে টেকনিক্যাল গ্রেড নিয়ে কোনো কথা হয়নি এখনো।’
বক্তারা বলেন, জন্মের পর ১০টি মারাত্মক রোগ থেকে মানবশিশুর সুরক্ষায় স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকেন। কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও তাঁরা পদমর্যাদা থেকে বঞ্চিত। দাবি বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্য সব দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। বিগত সরকারের সময় বারবার আশার বাণী শোনানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তী সরকারকে দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা। দাবি পূরণ না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন ও ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৩. ধারাবাহিকভাবে পদোন্নতির মাধ্যমে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. পূর্বের বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি।
৫. টাইম স্কেল ও উচ্চতর গ্রেড যুক্ত করে পুনঃনির্ধারিত বেতন স্কেল প্রদান।
৬. পূর্বে ডিপ্লোমা সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেডে অন্তর্ভুক্তি।
এসআইএস/