জটিল চিকিৎসাবাবদ প্রাপ্ত অর্থের কর দিতে হবে না চাকরিজীবীদের
মেডিভয়েস রিপোর্ট: চাকরিজীবীদের কিডনি, লিভার ও ক্যান্সারসহ জটিল চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করেছে সরকার। কর পরিপালন উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে চাকরিজীবীদের এই ধরনের চিকিৎসার জন্য প্রাপ্ত টাকা আয় হিসেবে করযোগ্য বিবেচিত হবে না। ফলে তাকে সে অর্থের জন্য আয়কর দিতে হবে না।
সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। এ বছর মোট সাত লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছে, যা জিডিপির ১২.৭ শতাংশ।
এদিন জাতির উদ্দেশ্যে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা বলেন, চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিস্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে।
এ ছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় এবং সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেট থেকে উদ্ভূত আয়ও করমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হয়, তা পরবর্তী করবর্ষগুলোতে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি থেকে আয় অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। একই সাথে বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ সাড়ে চার লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে।
এনএআর/